• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

অপরাধ করলে ভাইকেও ছাড় দেব না: এস এম জাহাঙ্গীর

মাসুম খান / ১০ Time View
সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা-১৮ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন দলীয় নেতাকর্মীদের কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন, দলের ভাবমূর্তি ক্ষুন্ণ হয় এমন কোনো কাজে ভাই বা আত্মীয় কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমার ভাইও যদি এমন কোনো অপরাধ করে যাতে দলের সামান্যতম ক্ষতি হয়, তবে আমি ভাই চিনবো না; সম্পর্ক ছিন্ন করবো।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নিজ বাসভবনে ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বিজয়-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অপকর্ম থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দলের ক্ষতি হয়- এমন কোনো কাজ করা যাবে না। সবাইকে বৈধ ব্যবসা করার পরামর্শ দিয়ে তিনি জানান, অবৈধ কোনো কর্মকাণ্ডে দলীয় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক বিচার-আচার কম করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে প্রচলিত আইন রয়েছে- আইনের মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। অন্যথায় তার কাছে আসার পরামর্শ দেন তিনি। তিনি সতর্ক করে বলেন, এলাকাভিত্তিক বিচার করলে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে এবং মানুষ বলতে পারে টাকা নিয়ে রায় দেওয়া হয়েছে।

সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, তার দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে সরাসরি তাকে জানাতে। প্রমাণ পেলে তিনি নিজেই মামলা করবেন বলেও জানান।

তিনি আরও বলেন, আগে থানায় বিচার পেতেন না- এখন বিচার পেতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়ে তিনি বলেন, অপ্রয়োজনে থানায় অবস্থান না করে নিজ নিজ সাংগঠনিক ও সামাজিক দায়িত্ব পালন করতে হবে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, এলাকার যেসব কাজ আগে করা জরুরি, সেগুলো স্থানীয়দের পরামর্শ অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, মানুষের সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। নিজে অপরাধ করবেন না এবং দলীয় নেতাকর্মীদেরও অপরাধ না করার পরামর্শ দেন তিনি।


More News Of This Category