দেশে ৪০ শতাংশ লোক আওয়ামী লীগ করে’ উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘জরিপ বলছে, উনি (শেখ হাসিনা) যখন পালিয়ে যান, তখনও ২৫ শতাংশ ছিল। এখন এই ৪০ শতাংশ লোককে আলোচনার টেবিলের বাইরে রেখে সংলাপ করলে সেটা জাতীয় সংলাপ হতে পারে না।’
আওয়ামী লীগকে আলোচনায় আনার ক্ষেত্রে তাদের অপরাধ স্বীকার ও অনুশোচনার বিষয়টি নিয়েও কথা বলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘আপনি তাদের টেবিলে আনেন। ন্যায়বিচার নিশ্চিত করেন।’
আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না- এমন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘তারা প্রকাশ করবে কি না আমি জানি না। আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না। এদের কাছে কী? চাইতাম, যদি আমার চেয়ে বেটার শাসন তুমি দিতে পারতা।’
তবে আওয়ামী লীগ অপরাধ করেছেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘সার্টেইনলি (অবশ্যই)।’
আওয়ামী লীগের বিচারের বিষয়ে এ সংসদ সদস্য বলেন, ‘আপনি তাদের সুষ্ঠু বিচার করেন, অপরাধ যারা করেছে তাদের সুষ্ঠু বিচার করেন। আপনি তাদের টেবিলে আনেন। টেবিলে এনে বলেন যে, আর ইউ এসেইমড অফ হোয়াট ইউ হ্যাভ ডান (তুমি যা করেছ তার জন্য কি তুমি লজ্জিত)? ডু ইউ ফিল সরি ফর হোয়াট ইউ হ্যাভ ডান (তুমি যা করেছ তার জন্য কি তুমি অনুতপ্ত)?’
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘এখন আমাদের ওয়েট অ্যান্ড সি ছাড়া কোনো অপশন নাই, আমরা যারা পলিটিশিয়ান। আমি প্যাশনেটলি রাজনীতিটা করি। এখন সামনের পরিস্থিতি অত্যন্ত কুয়াশাচ্ছন্ন এবং ঘোলা। অনেক কিছুই জানুয়ারির মধ্যে পরিষ্কার হবে।’
রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রুমিন ফারহানা। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপট নিয়ে নিজের পড়াশোনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ধর্মীয় বিভাজনের মতো রাজনৈতিক মত ও পথের পার্থক্য থেকেও সমাজে বিভক্তি ও সহিংসতা তৈরি হচ্ছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিভাজনটা এখন ধর্মের ভিত্তিতে না হলেও আরও বহু কারণে বহু রাজনৈতিক মত এবং পথের কারণে আমি ওই হিংস্রতাটা দেখি। রাজনীতিবিদরা একজন আরেকজনের সঙ্গে বসে চা খাওয়া তো দূরের কথা, তাকায়ও না পর্যন্ত। এটা কোনো ভালো দিকে আপনাকে নেবে না।’