• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সুপার এইটে শ্রীলঙ্কা

মাসুম খান / ১১ Time View
সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

পাথুম নিশাঙ্কার রেকর্ড গড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার এইট’ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের এই দাপুটে জয়ে আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া। সেমিফাইনালের পথে টিকে থাকতে অজিদের এখন শেষ ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে নেট রানরেটের সমীকরণের দিকে।

শ্রীলঙ্কার এই জয়ের পর গ্রুপ পর্বের সমীকরণ বেশ জমে উঠেছে। ৩ ম্যাচে টানা ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লঙ্কানরা। ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তিনে থাকা অস্ট্রেলিয়ার জন্য পরবর্তী রাউন্ডের পথ এখন বেশ কঠিন।

১৮২ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই কুশল পেরেরার (১) উইকেট হারিয়ে হোঁচট খেয়েছিল শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা ৯৭ রানের বিধ্বংসী জুটি গড়ে লঙ্কানদের ম্যাচে ফেরান। মেন্ডিস ৩৮ বলে ৫১ রান করে বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে অজি বোলারদের ওপর তাণ্ডব চালান নিশাঙ্কা।

এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। দুই অজি ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শ পাওয়ার প্লেতেই ৭০ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিলেন। উদ্বোধনী জুটিতে আসে ১০৪ রান।

শ্রীলঙ্কার পক্ষে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন দুশান হেমন্ত। ৪ ওভারে ৩৭ রান দিয়ে তিনি শিকার করেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া অভিজ্ঞ দুশমন্থ চামিরা ২টি এবং বাকি বোলাররা ১টি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের পথে বাধা হয়ে দাঁড়ান।


More News Of This Category