সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পে-কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত পূর্ণ কমিশন সভায় গ্রেড সংখ্যা পরিবর্তনের দাবি ওঠে। শেষ পর্যন্ত আগের মতো ২০টি গ্রেডই বহাল রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের হার নির্ধারণ নিয়ে সিদ্ধান্তহীনতার কারণে পুরো কাঠামো এখনো ঝুলে আছে। এর মধ্যেই খণ্ডকালীন এক সদস্যের পদত্যাগে কমিশনের ভেতরে অস্থিরতা প্রকাশ্য হয়ে উঠেছে।
পে-কমিশন সূত্র জানিয়েছে, গ্রেড সংখ্যা কমিয়ে আনা বা পুনর্গঠনের প্রস্তাব থাকলেও প্রশাসনিক জটিলতা এড়াতে বর্তমান ২০টি গ্রেডই রাখার সুপারিশ করতে যাচ্ছে কমিশন।
আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানান, গ্রেড সংখ্যায় কোনো হাত না দিয়েই বেতন বাড়ানোর সুপারিশ করা হবে।
এদিনের সভায় বেতন কাঠামোর পাশাপাশি পেনশন ও চিকিৎসা ভাতাসহ বিভিন্ন ভাতার বিষয়ে আলোচনা হলেও মূল বাধা হয়ে দাঁড়িয়েছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন। এই অঙ্কটি চূড়ান্ত না হওয়ায় বাকি সব বিষয় আটকে আছে।