ফরিদপুরে তিনজনকে কোদাল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশের যৌথবাহিনী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে তার বাড়ির পাশের কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে আজগর মোল্লার বাড়ির পাশের একটি কলাবাগান থেকে আকাশ নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।এই যৌথ অভিযানে র্যাবের পক্ষ থেকে ছিলেন র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান। তিনি বলেন, অভিযুক্তের বাড়ির পাশের কলাবাগান থেকে আমরা তাকে গ্রেপ্তার করি। বর্তমানে তাকে কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে।এর আগে সোমবার (২৭ এপ্রিল) রাতে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন।পুলিশ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন আকাশ (২৮) হঠাৎ করে কোদাল দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫) নিহত হন। এ ঘটনায় রিয়াজ মোল্লা (৪৫) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।