দেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার প্রতিবাদে সাভারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সম্প্রতি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাভারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। এতে সভাপতিত্ব করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন এবং ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এবং ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম নিরব। এছাড়া কর্মসূচিতে সাভার থানা যুবদলের সাবেক সভাপতি রাকিব দেওয়ান রকি, ঢাকা জেলা যুবদল নেতা শাওন সরকারসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ। তবে মতপার্থক্যকে কেন্দ্র করে সন্ত্রাস, সহিংসতা কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোনো পক্ষ যাতে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা সহিংসতার মাধ্যমে জনজীবনে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
সভাপতির বক্তব্যে নাজমুল হাসান অভি বলেন, দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সেই মতপার্থক্যকে কেন্দ্র করে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা সহিংসতা সৃষ্টি করে দেশের মানুষকে আতঙ্কের মধ্যে রাখা যাবে না। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। তবে প্রতিরোধের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা নয়; শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমেই জনগণের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরতে হবে।
তমিজ উদ্দিন আরও বলেন, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণের পাশে থেকে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করবে। সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে জনজীবনে অস্থিরতা তৈরির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
বক্তারা রাজনৈতিক কর্মীদের দায়িত্বশীল আচরণের পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নিজেদের রাজনৈতিক বক্তব্য তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।