• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

বগুড়ায় খেজুরের গুদামে ভয়াবহ আগুন

মাসুম খান / ০ Time View
সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

বগুড়া শহরের জামিলনগর এলাকায় একটি খেজুরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে সরকারি আজিজুল হক কলেজের সামনে অবস্থিত ‘মেসার্স সায়েম ট্রেডার্স’-এর গুদামে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ করেই গুদামটিতে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বগুড়া সদর থানার পুলিশ সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

সায়েম ট্রেডার্সের স্বত্বাধিকারীর ছেলে ডা. রায়হান বলেন, বাসায় খাবার খাওয়ার সময় জানতে পারি গুদাম থেকে ধোঁয়া বের হচ্ছে। এসে দেখি বৈদ্যুতিক স্পার্ক হচ্ছে। বিদেশ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেজুর এনে এখানে বাছাই ও প্যাকেটজাত করা হতো।

তিনি আরও বলেন, গুদামের ছাদে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার খালি কার্টুন মজুত ছিল। ভেতরে থাকা আমদানিকৃত বিপুল পরিমাণ খেজুর ও দুটি প্যাকেজিং মেশিন আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া খেজুর পরিবহনের একটি পিকআপ ভ্যান ভস্মীভূত হয়েছে এবং অন্য একটি গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমাদের দুটি ইউনিট কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ এবং সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।


More News Of This Category