শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট ল’ কলেজকে ঘিরে উত্থাপিত সব দাবিই প্রয়োজনীয় ও যৌক্তিক। ইতোমধ্যে কয়েকটি দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক। পাশাপাশি কলেজের জন্য নতুন ভবন নির্মাণে বরাদ্দ আনার প্রতিশ্রুতিও দেন তিনি।
এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সিসিকের অর্থায়নে কলেজে ‘ছায়া আদালত’ স্থাপনের পরিকল্পনা রয়েছে।’
মঙ্গলবার (১৯ মে) রাতে সিলেট ল’ কলেজে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, যেই মন্ত্রণালয় থেকেই হোক বরাদ্দ এনে কলেজের একটি নতুন ভবনের ব্যবস্থা করব। প্রয়োজনে এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছেও যাব। তবে দ্রুত কলেজের পক্ষ থেকে একটি এস্টিমেট পাঠাতে হবে। তিনি বলেন, সিলেট ল’কলেজকে আইন মহাবিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে এবং এ ক্ষেত্রে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।