যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানে দেওয়া মার্কিন প্রস্তাবের বিষয়ে শুক্রবার দেশটির জবাব পাওয়ার আশা করছে ওয়াশিংটন।
রোমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ইরানের কী জবাব দেয় সেটি আমরা দেখার অপেক্ষায় আছি। আশা করছি, এটি আমাদেরকে একটি গুরুতর আলোচনার প্রক্রিয়ায় এগিয়ে নিতে সহায়তা করবে। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে বলা হয়, যুক্তরাষ্ট্র মনে করছে ইরানের সঙ্গে ১৪ দফা সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছানো সম্ভব হতে পারে। এই সমঝোতা ভবিষ্যতে আরও বিস্তারিত পারমাণবিক আলোচনার ভিত্তি তৈরি করবে বলে আশা করছে তারা।
তবে বৃহস্পতিবার গভীর রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। গত এক মাসের যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে এ হামলাকে। এতে দীর্ঘমেয়াদি কোনো সমঝোতা আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
এদিকে, হামলার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। তিনি বলেন, যুদ্ধবিরতি চলছে। এটি কার্যকর আছে।
পাশাপাশি সংঘর্ষের এই ঘটনাকে কেবল হালকা ধাক্কা বলে বর্ণনা করেন ট্রাম্প।