গাজায় পৃথক ইসরায়েলি হামলায় হামাসের সামরিক শাখার দুই সদস্য নিহত হয়েছেন। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
নিহত দুজন হলেন ইব্রাহিম ফাওজি ইসমাইল মোহসেন ও মোহাম্মদ কামেল সুলেইমান মোহসেন। ইসরায়েলি বাহিনীর দাবি, সম্প্রতি ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা এবং হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনের কাজে তারা যুক্ত ছিলেন।
ইসরায়েলি সামরিক বাহিনী এসব কর্মকাণ্ডকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। তবে হামাসের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার ইসরায়েলি বাহিনী হামাসের সামরিক শাখার কমান্ডার হাসান মাহমুদ সিয়াম এবং সংগঠনটির আরেক সদস্য আদহাম সাবহি সালিম জিয়ারার নিহত হওয়ার খবর নিশ্চিত করে।
ইসরায়েলি বাহিনীর দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় সিয়াম ইসরায়েলে প্রবেশ করেছিলেন এবং ইসরায়েলি জিম্মিদের আটকে রাখার সঙ্গে যুক্ত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে হামাস কোনো মন্তব্য করেনি।