• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

‘এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা ইহজগতে সম্ভব নয়’

মাসুম খান / ৩৮৭ Time View
সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা মানুষের সাধ্য ও ক্ষমতার বাইরে বা যা ইহজগতে সম্ভব নয়। যা মানুষের পক্ষে বাস্তবায়ন সম্ভব, এমন প্রতিশ্রুতিই দিচ্ছি।’

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর-১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এজন্য প্রতিটি ঘরে গৃহিণীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। যার মাধ্যমে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি এলাকায় অন্তত একটি করে ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলা হবে, যেখানে ভাষা শিক্ষা ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা নিজেরা ব্যবসা করতে পারবে অথবা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা চাকরি নিয়ে বিদেশে যাবে, তাদের যেন জমি বিক্রি করতে না হয়। এজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে।’

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের কৃষক ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে। এজন্য কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কেয়ার কর্মী নিয়োগ করা হবে। ঢাকা-১৫ এলাকার মানুষের চিকিৎসা সুবিধার জন্য এখানে হাসপাতাল স্থাপন করা হবে এবং দীর্ঘদিন ঝুলে থাকা ১০০ ফিট রাস্তার কাজ দ্রুত শুরু করা হবে।’

নারী ক্ষমতায়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘দেশের জনসংখ্যার অর্ধেক নারী। দেশনেত্রী খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, তিনি চেষ্টা করেছেন দেশের নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিতে। যার ফলে আজ বাংলাদেশের মেয়েরা ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।’


More News Of This Category