• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর

মাসুম খান / ৪ Time View
সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, জামায়াত যেদিন তাদের লোগো থেকে ‘আকিমুদ্দিন’ উঠিয়ে ফেলেছে, তখনই তারা একপর্যায়ে পরাজিত হয়ে গেছে। কারণ জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত। এরপর বিভিন্ন সময় তারা বিভিন্ন দলের সঙ্গে তাল মিলিয়ে চলে, এটা আমাদের সামনে পরিষ্কার।

বুধবার (২২ জুলাই) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামী আন্দোলন কুমিল্লা জেলা উত্তরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জামায়াত যে বিভিন্ন দলের সঙ্গে তালে তাল মিলিয়ে চলে এটা আমাদের কাছে পরিষ্কার। এর পরেও তারা কোন চেতনা নিয়ে কাজ করতো, চেতনাটা ছিল ইসলাম। কিন্তু যখন লোগো থেকে ইসলামকে উঠাইয়া ফেলছে, এখন আর তাদের কোনো দ্বিতীয় চেতনা আমার জানা নাই। অনান্য যে ইসলামী দল রয়েছে, যারা তাদের সঙ্গে সম্পৃক্ত; তারাও এখন ইসলাম হিসেবে আমাদের সামনে পরিচয় দেওয়ার নৈতিক ক্ষমতাটা হারিয়ে ফেলছে। কারণ জামায়াত পরিষ্কার বলেছিল, তারা ক্ষমতায় যেতে পারলে ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ চালাবে না, দেশ চালাবে প্রচলিত গণতন্ত্র অনুযায়ী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা জেলা উত্তর সভাপতি ক্বারী মো. সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন এবং কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উত্তর জেলার উপদেষ্টা মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মুফতি এহতেশামুল হক কাসেমী (উজানী), মাও. রাশেদুল ইসলাম রহমতপুরী ও হাজি আব্দুল করীমসহ অন্যান্য নেতারা।

সম্মেলন শেষে ক্বারি সাইফুল ইসলাম সরকারকে সভাপতি এবং মুফতি রাশেদুল ইসলামকে সেক্রেটারি করে কুমিল্লা উত্তর জেলা কমিটি ঘোষণা করেন চরমোনাই পীর।


More News Of This Category