বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী (সেক্রেটারি অফ এনার্জি) ক্রিস রাইটের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, স্মল মডুলার রিয়েকটর (এসএমআর), জ্বালানি নিরাপত্তা, পারস্পরিক বোঝাপড়া এবং জ্বালানি খাতে সহযোগিতা ও সহায়তার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মাহবুব আনাম বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে আধুনিক ও নিরাপদ পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে উন্নত পারমাণবিক প্রযুক্তি, বিশেষ করে স্মল মডুলার রিয়েকটরের (এসএমআর) সম্ভাবনা বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ, নিরাপদ, সুরক্ষিত ও দায়িত্বশীল ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে যুক্তরাষ্ট্রসহ প্রযুক্তিগতভাবে অগ্রসর দেশগুলোর সঙ্গে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।