• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত গার্মেন্টস শ্রমিকদের মজুরি দাবির আন্দোলনে জিএম কাদেরের সংহতি নারায়ণগঞ্জে শ্রমিকদের অবরোধের চেষ্টা পণ্ড, দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা গাজীপুর ও নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপদ খাদ্য ব্যবস্থার উন্নয়নে জাইকার সহযোগিতা গুরুত্বপূর্ণ: বিএফএসএ চেয়ারম্যান টেক্সটাইল শিক্ষার বৈশ্বিক রূপান্তরে ডিসেম্বরে চীনের সঙ্গে চুক্তি আজ সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শিক্ষকদের অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নও জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

মেসিদের বিপক্ষে বিশ্বকাপ মাতানো ফুটবলার খেলবেন বাংলাদেশের লিগে

মাসুম খান / ১৬৮ Time View
সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আসছেন বিশ্বকাপ খেলা এক নাইজেরিয়ান। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিলেন মাইকেল বাবাতুন্দে। সেই ম্যাচে নাইজেরিয়ার হয়ে গোলেও অবদান রেখেছিলেন তিনি। বাবাতুন্দেকেই এবার দেখা যাবে বাংলাদেশের ফুটবলে। ২০২৬-২৭ মৌসুমে আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন এই ফরোয়ার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনীর ফুটবল ম্যানেজার শহীদ উদ্দীন স্বপন।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে শুরুর একাদশে ছিলেন বাবাতুন্দে। ম্যাচের ৩ মিনিটে আর্জেন্টিনা লিওনেল মেসির গোলে এগিয়ে গেলেও পরের মিনিটেই নাইজেরিয়াকে সমতায় ফেরান আহমেদ মুসা। সেই গোলের জোগানদাতা ছিলেন বাবাতুন্দে। পরে অবশ্য ম্যাচটি ৩-২ গোলে হেরে যায় নাইজেরিয়া।

বিশ্বকাপে খেলার আগে থেকেই জাতীয় দলের পরিচিত মুখ ছিলেন বাবাতুন্দে। ২০১৩ সালে নাইজেরিয়ার জাতীয় দলে অভিষেক তার। একই বছর কনফেডারেশনস কাপেও খেলেন। ২০১৪ বিশ্বকাপে নাইজেরিয়ার দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পান তিনি।

ক্লাব ফুটবলেও বৈচিত্র্যময় অভিজ্ঞতা আছে ৩৩ বছর বয়সী এই ফুটবলারের। নাইজেরিয়ার হার্টল্যান্ড দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু। এরপর খেলেছেন ইউক্রেনের ক্রিভবাস ক্রিভি রিহ, ভলিন লুৎস্ক ও দিনিপ্রোতে। ইউক্রেন অধ্যায় শেষে মরক্কোর রাজা কাসাব্লাঙ্কায় যোগ দেন। পরে কাতার, আলবেনিয়া ও উজবেকিস্তানের ক্লাবেও খেলেছেন। সবশেষ খেলেছেন আলবেনিয়ার কেএস পোগরাদেসিতে।

নতুন মৌসুমের জন্য দল সাজাতে নাইজেরিয়ার বিদেশি ফুটবলারদের ওপরই ভরসা রাখছে আবাহনী। এবারের লিগে সর্বোচ্চ চারজন বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করতে পারবে ক্লাবগুলো। বাবাতুন্দে ছাড়াও আবাহনী নাইজেরিয়া থেকে নিয়েছে অ্যান্থনি ওকাচি, চিনেদু ম্যাথু ও সানডে আফলোবি। চিনেদু অবশ্য ঘরোয়া ফুটবলে পরিচিত মুখ। এর আগে ফরাশগঞ্জ, চট্টগ্রাম আবাহনী, আরামবাগ, শেখ জামাল ও বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন তিনি।

দলবদলের শুরুতেই আবাহনীর জটিলতা ছিল ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা। তা কাটিয়ে কোচ মারুফুল হকের অধীনে দল সাজাচ্ছে ধানমন্ডির ক্লাবটি। বিদেশি কোটা শেষ হলেও সার্ক কোটা থেকে খেলোয়াড় কেনার চেষ্টা করছে তারা। ৩ সেপ্টেম্বর শেষ হবে দলবদল।


More News Of This Category