• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত ৩ ম্যাচে ১৩ গোল হজম করেও মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ ‘কার্ড বিতরণে কোনো কর্মকর্তা অনিয়ম করলে মামলা’ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে সাভারে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির গাজায় ইসরায়েলি হামলায় হামাসের দুই সদস্য নিহত ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিল চবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’

বিশ্বকাপের আগে নিয়ম পাল্টাল ফিফা, সুবিধা পেল আর্জেন্টিনা

মাসুম খান / ২৮৮ Time View
সময় : শনিবার, ৯ মে, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র ৩৩ দিন। ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শৃঙ্খলাবিধিতে বড় পরিবর্তন এনেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ বাছাইপর্বে ছোটখাটো কার্ডজনিত নিষেধাজ্ঞা চূড়ান্ত পর্বে বহাল থাকবে না। আর তাতেই বড় সুবিধা পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ফিফার নতুন সিদ্ধান্তের ফলে আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন। একই সুবিধা পাচ্ছেন ইকুয়েডরের মিডফিল্ডার ময়জেস কাইসেদোও।

শুক্রবার এক বিবৃতিতে ফিফা জানায়, দলগুলো যেন বিশ্বকাপের মূল আসরে তাদের সেরা একাদশ নিয়ে খেলতে পারে, সেটি নিশ্চিত করতেই নিয়মে এই পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি টুর্নামেন্টের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, বাছাইপর্বে দেখা হলুদ কার্ড বা এর কারণে পাওয়া এক কিংবা দুই ম্যাচের নিষেধাজ্ঞা বিশ্বকাপের মূল পর্বে কার্যকর হবে না। এছাড়া দুটি হলুদ কার্ড থেকে পাওয়া লাল কার্ড, গোলের নিশ্চিত সুযোগ নষ্ট করা কিংবা সাধারণ গুরুতর ফাউলের কারণে পাওয়া নিষেধাজ্ঞাও মূল আসরে বহাল থাকবে না। তবে ফিফা স্পষ্ট করেছে, গুরুতর আচরণগত অপরাধের কারণে পাওয়া স্থগিত নিষেধাজ্ঞা বিশ্বকাপেও বহাল থাকবে।

গত বছর সেপ্টেম্বরে ইকুয়েডরের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ওটামেন্ডি। একই ম্যাচে লাল কার্ড পান কাইসেদোও। নতুন নিয়ম কার্যকর হওয়ায় এখন আর তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করতে হচ্ছে না।

এর আগে পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর নিষেধাজ্ঞা নিয়েও একই ধরনের সিদ্ধান্ত নেয় ফিফা। ফলে তিনিও বিশ্বকাপের শুরু থেকেই মাঠে নামার সুযোগ পান। ফিফা আরও জানিয়েছে, বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে ফুটবলারদের একটি করে হলুদ কার্ড বাতিল হয়ে যাবে। একইভাবে কোয়ার্টার ফাইনালের পর কার্ডের হিসাবও নতুনভাবে শুরু হবে।

কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা।


More News Of This Category