• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালু করতে বিকেএসপিতে প্রতিনিধিদল

মাসুম খান / ৬ Time View
সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চীনা ভাষা শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের একটি শিক্ষক প্রতিনিধিদল এক বছরের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) এসেছেন।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ প্রতিনিধিদলকে স্বাগত জানান। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মো. আশরাফুজ্জামানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ উপলক্ষে বিকেএসপিতে আয়োজিত এক মতবিনিময় সভায় মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সদস্যরা পারস্পরিক সহযোগিতা, চীনা ভাষা শিক্ষা এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

২০২৩ সালে চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সমঝোতার আওতায় বিকেএসপির প্রশিক্ষণার্থীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ প্রদানের সুযোগ সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে বিকেএসপির ১০ জন প্রশিক্ষণার্থী ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

চীনা ভাষা শিক্ষার কার্যক্রমকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে বিকেএসপির কলেজ শাখার একটি শ্রেণিকক্ষকে আধুনিক ল্যাঙ্গুয়েজ ল্যাব হিসেবে প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে বিকেএসপির প্রশিক্ষণার্থীদের চীনা ভাষা শেখার পাশাপাশি ভবিষ্যতে চীনে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে যোগাযোগ দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।

বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের এ সহযোগিতা দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


More News Of This Category