• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শিক্ষকদের অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নও জরুরি: সমাজকল্যাণমন্ত্রী দলের মধ্যে আরেকটি দল করলে নিজেদেরই ক্ষতি: ডিএসসিসি প্রশাসক ঢাকাকে বাসযোগ্য করতে অভিযানে নামছে ২০ টিম ভবিষ্যতে যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুর তাসকিনের ‘রেকর্ড’ ভেঙে শরীফুলের চমক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা স্বাধীন বাংলাদেশের লজ্জা: জিএম কাদের হাইকোর্টের বিচারিক কার্যক্রম শুরু রোববার দুপুরে কিশোরীসহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

দলের মধ্যে আরেকটি দল করলে নিজেদেরই ক্ষতি: ডিএসসিসি প্রশাসক

মাসুম খান / ৩ Time View
সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বিএনপিকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, দলের মধ্যে আরেকটি দল তৈরি করলে নিজেদেরই ক্ষতি হয়। তাই দলের ঐক্য বজায় রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ ও সাবেক কাউন্সিলর বাদল সরদারের রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘যার দল নাই, তার বল নাই। দলের ওপরে কোনো বিকল্প নাই। কাজেই দলটাকে সুসংগঠিত করতে হবে। দলের মধ্যে আরেকটা দল বানাইলে নিজেদেরই ক্ষতি হয়।’

বিএনপির নেতৃত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বর্তমান নেতা তারেক রহমানের বাইরে সবাই দলের কর্মী। নেতাকর্মীদের এ বিষয়টি মনে রাখতে হবে।’

বিএনপির গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে আবদুস সালাম বলেন, ‘এ সময়ে নেতাকর্মীরা অসংখ্য মামলা খেয়েছেন এবং কারাগারে গিয়েছেন। ফ্যাসিবাদের পতন না হলে বিএনপির শীর্ষ নেতাদেরও ফাঁসির আসামি হতে হতো। বিএনপির বিরুদ্ধে অসংখ্য রাজনৈতিক মামলা হয়েছে। ২০২৪ সালের অভ্যুত্থান-পরবর্তী মামলাগুলোতেও বিএনপির নেতাকর্মীরা আসামি হয়েছেন। তবে এ নিয়ে বিভক্তি না বাড়িয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আবদুস সালাম বলেন, ‘বিএনপি একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। বাংলাদেশের প্রতিটি দুর্দিনে দলটি জনগণের পাশে ছিল। এখনো জনগণ বিএনপির পাশে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঁচ বছরের জন্য জনগণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। গণতন্ত্রে বিশ্বাস করলে সরকারকে পাঁচ বছর সময় দিতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নবীউল্লাহ নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


More News Of This Category