কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেশে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার সময় পিছিয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে।
তিনি আরও বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাআল্লাহ রোববার (৭ ডিসেম্বর) লন্ডন নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এভারকেয়ার হাসপাতালে বৈঠকে বসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড। এতে যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। বৈঠক শেষে দুপুর ২টা ৪০ মিনিটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক জাহিদ। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন, কাতারের আমিরের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে বৃহস্পতিবার মধ্যরাতে। আজ ভোরের মধ্যে খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন যাত্রা করবে।