বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা-আইকাও। আন্তর্জাতিক সংস্থাটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দনও জানিয়েছে।
সম্প্রতি আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিয়ুকি ওনুমা এবং মহাসচিব হুয়ান কার্লোস সালাজার এক চিঠিতে বিমানমন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
আইকাও’র শীর্ষ দুই কর্মকর্তা চিঠিতে বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের আরও উন্নয়ন এবং এ খাতের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশের সঙ্গে আইকাও’র পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে।
চিঠিতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নতুন দায়িত্বে সর্বাত্মক সাফল্য কামনা করা হয়।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের উন্নয়ন, নিরাপদ বিমান চলাচল নিশ্চিতকরণ এবং এ খাতের নিরাপত্তাব্যবস্থা জোরদারে আইকাও’র ভূমিকা গুরুত্বপূর্ণ।
সংস্থাটি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের মান ও সুপারিশকৃত বিধিমালা প্রণয়ন এবং সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিমান চলাচল খাতের উন্নয়নে কাজ করে।
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন, বিমানবন্দর অবকাঠামোর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তাব্যবস্থা জোরদারের ক্ষেত্রে আইকাও’র সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।