ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির এ হামলায় রাজধানী কিয়েভসহ কয়েকটি শহরকে নিশানা করা হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার এ হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২ বছরের এক শিশুও রয়েছেন। এছাড়া হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন এবং বহু ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানান, রাজধানীতে চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ওই শিশুটিও রয়েছে। তবে ইউক্রেনের জরুরি সেবাদাতারা রাজধানীতে মৃতের সংখ্যা পাঁচ বলে উল্লেখ করেছে। শহরটিতে ৪৫ জন আহত হয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার ভোরে আবারও হামলা চালানো হয় এবং একটি ড্রোন খুব নিচু দিয়ে উড়ে এসে একটি ১৮ তলা ভবনে আঘাত হানে। অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিভিন্ন স্থানে আগুন জ্বলছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠছে।
কিয়েভের কেন্দ্রীয় একটি এলাকায় উদ্ধারকর্মীরা একটি ভবন থেকে এক মা ও তার শিশুকে জীবিত উদ্ধার করেছেন। এছাড়া পোডিল জেলায় একটি আবাসিক ভবনের ষষ্ঠ তলায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হেনেছে। শহরের উত্তরের একটি জেলায় বড় ধরনের আগুন লাগে এবং চারজন জরুরি চিকিৎসাকর্মী আহত হন।
দক্ষিণাঞ্চলের ওডেশায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সাতজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে স্থানীয় সামরিক প্রশাসন জানিয়েছে। তারা জানিয়েছে, রাতে একাধিক দফায় হামলা চালানো হয়েছে। এতে অবকাঠামো ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলের দিনপ্রো শহরে হামলায় দুইজন নিহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার গানঝা জানান, শহরটিতে ২৭ জন আহত হয়েছেন। হামলায় অনেক আবাসিক ভবনে আগুন ধরে গেছে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ড্রোন হামলায় অন্তত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।