• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

মাসুম খান / ০ Time View
সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

কারাগার থেকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম খন্দকার। জানাজা শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বাদ জোহর আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর দক্ষিণপাড়া জামে মসজিদ মাঠে তার মা হালিমা বেগমের (৭৫) জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগে মারা যান হালিমা বেগম। মায়ের মৃত্যুর পর শেষ বিদায়ে অংশ নেওয়ার জন্য শাহ আলম খন্দকারের পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদন অনুমোদন হওয়ায় মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশের নিরাপত্তায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে নুরপুরে আনা হয়। মায়ের জানাজায় অংশ নিয়ে তিনি উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে মায়ের জন্য দোয়া কামনা করেন।

পরিবারের সদস্যরা জানান, কারাগারে থাকার কারণে মায়ের জীবনের শেষ সময়ে পাশে থাকতে না পারার কষ্ট ছিল শাহ আলম খন্দকারের। তিনি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মায়ের জন্য সবার কাছে দোয়া চান।

পুলিশ জানায়, আখাউড়া থানার একটি মামলায় গত ২৯ মে থেকে কারাগারে রয়েছেন এই নেতা। প্যারোলের নির্ধারিত সময় শেষ হলে তাকে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মজিবুর রহমান মজুমদার বলেন, মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বিকেল ৫টা পর্যন্ত প্যারোলে মুক্তির আদেশ দেন। সে আদেশ অনুযায়ী তাকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়। পরে নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।


More News Of This Category