• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

বিয়ের পিঁড়িতে ইমরান খানের সাবেক স্ত্রী

মাসুম খান / ৪ Time View
সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ দ্বিতীয়বার বিয়ে করেছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) আইরিশ-অস্ট্রেলীয় অর্থলগ্নিকারী ক্যামেরন ও’রেইলিকে বিয়ে করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়েছে, ৬২ বছর বয়সী ক্যামেরন ও’রেইলির সঙ্গে এক বছর ধরে সম্পর্কে ছিলেন জেমিমা। চলতি বছরের মে মাসে তাদের বাগদানের খবর প্রকাশ্যে আসে।

জেমিমার ভাই বেন গোল্ডস্মিথও বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। তার স্ত্রী জেমিমা জোন্স ইনস্টাগ্রামে বিয়ের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘জেমিমা ও ক্যামেরনের বিয়ে উদ্‌যাপন করছি। আমার প্রিয় সঙ্গীকে নিয়ে কী আনন্দের দিন!

জানা গেছে, ক্যামেরন ও’রেইলি কয়েকটি তথ্যচিত্র ও চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করার সময় জেমিমার সঙ্গে তার পরিচয় হয়। চলচ্চিত্র প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি।

ক্যামেরন ও’রেইলির আগের সম্পর্কের চার সন্তান রয়েছে। অন্যদিকে ইমরান খানের সঙ্গে জেমিমার দুই ছেলে রয়েছে, কাসিম ও সুলায়মান।

১৯৯৫ সালে ইমরান খান ও জেমিমা গোল্ডস্মিথের বিয়ে হয়। প্রায় এক দশক সংসার করার পর ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

বিচ্ছেদের পরও ইমরান খানের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন জেমিমা। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন তিনি।


More News Of This Category