চলমান সংঘাতে ইরান প্রতিবেশীদের নয়, বরং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
বৃহস্পতিবার (৫ মার্চ) আল আরাবিয়া নিউজ নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে বাঘাই বলেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকারের অবৈধ আক্রমণের শিকার হয়েছে।
তিনি বলেন, এই অঞ্চলে ইরানের সাম্প্রতিক পদক্ষেপগুলো শুধুমাত্র নিজেদের আত্মরক্ষার জন্য। ইরানের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো শত্রুতা বা বিদ্বেষ নেই এবং এই দেশগুলোতে আক্রমণ করার কোনো ইচ্ছাও আমাদের নেই।
তিনি আরও বলেন, ইরান এই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি সকল ইসলামি রাষ্ট্রের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে।
এদিকে, বিশ্বব্যাপী ইসরায়েলি দূতাবাসে হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। তিনি সতর্ক করে বলেছেন, যদি ইসরায়েল বৈরুতে ইরানি দূতাবাসে হামলা করে, তাহলে বিশ্বের সকল ইসরায়েলি দূতাবাসকে লক্ষ্যবস্তু বানানো হবে।