ভারতের পাটনা থেকে লখনৌগামী ইন্ডিগোর একটি উড়োজাহাজে ১৭ হাজার ফুট উচ্চতায় বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে উড়োজাহাজটির সামনের অংশের রেডোম ক্ষতিগ্রস্ত হয়। বুধবার লখনৌ বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে উড়োজাহাজটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইটটিতে ১০৪ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন। সবাই নিরাপদে উড়োজাহাজ থেকে নেমেছেন। নির্ধারিত সময়ের আট মিনিট আগেই উড়োজাহাজটি লখনৌর চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) ঘটনাটি তদন্ত শুরু করেছে। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি গ্রাউন্ডেড করা হয়েছে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পরই এটি আবার উড্ডয়ন করতে পারবে।ইন্ডিগোর এক মুখপাত্র জানান, ৭ অক্টোবর পাটনা থেকে লখনৌগামী ৬ই ৬২৫ ফ্লাইটটি অবতরণের সময় প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে। এ সময় শিলাবৃষ্টিও হয়। এতে উড়োজাহাজটির রেডোম ক্ষতিগ্রস্ত হয়। নিরাপদে অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানানো হয়।
এর আগে গত মাসেও ইন্ডিগোর আরেকটি উড়োজাহাজ অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে। গুয়াহাটি থেকে বেঙ্গালুরুগামী ওই ফ্লাইটটি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ের সঙ্গে অস্বাভাবিকভাবে ধাক্কা খায়। এতে উড়োজাহাজটির লেজের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ইন্ডিগো জানিয়েছিল, ঝোড়ো আবহাওয়ার মধ্যে অবতরণের সময় ঘটনাটি ঘটে। ওই উড়োজাহাজও গ্রাউন্ডেড করা হয়েছিল।