রাজধানীর পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। পুলিশের আবেদনের শুনানি শেষে আদালত এ সিদ্ধান্ত দেন। বর্তমানে অধ্যাপক জামাল উদ্দিন অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, জুলাই আন্দোলনের সময় অধ্যাপক জামাল উদ্দিন শিক্ষার্থীদের ‘রাজাকার’ আখ্যা দিয়েছিলেন এবং তাদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বিগত সরকারের বিভিন্ন অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল বলেও রাষ্ট্রপক্ষ দাবি করেছে।