বগুড়ার শাজাহানপুরে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে বগুড়া রেশম বীজাগারের তুঁতবাগান সংলগ্ন শেরপুর রোড এলাকার একটি ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আঞ্জু বেগম (৩২) নামের এক নারী তুঁতবাগানের পাশে ময়লা কুড়ানোর সময় একটি শপিংব্যাগ দেখতে পান। কৌতূহলবশত ব্যাগটি খুললে তার ভেতরে এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিক পথচারীদের বিষয়টি জানান। পরে এক পথচারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
শাজাহানপুর থানাধীন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নিয়ামান নাছির সংসংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেন। পরে তা ময়নাতদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এসআই নিয়ামান নাছির জানান, উদ্ধার হওয়া নবজাতকটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুর পরিচয় শনাক্তে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ।