রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের ওপর হামলার সিসিটিভি ফুটেজ গায়েব, মামলায় হামলাকারীদের অজ্ঞাতনামা করাসহ বিভিন্ন অভিযোগ ও দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এদিকে এ ঘটনায় আড়াই ঘণ্টা যাবৎ উপাচার্য, উপ-উপাচার্য দ্বয়, প্রক্টরসহ প্রশাসনিক কর্মকর্তারা অবরুদ্ধ।
রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সর্বশেষ রাত ১০টা ২১ এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে তাদের অবস্থান কর্মসূচি চলছিল।
শিক্ষার্থীদের স্লোগানের মধ্যে ছিল, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘ঘটনার সিসি ক্যামেরা গায়েব কেন, প্রশাসন জবাব চাই’ এবং ‘চিহ্নিত অপরাধীদের মামলায় অজ্ঞাতনামা করা হলো কেন, প্রশাসন জবাব চাই’ ‘বাহ ভিসি চমৎকার, সন্ত্রাসীদের পাহারাদার’।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা মামলায় হামলাকারীদের অজ্ঞাতনামা করা হয়েছে। তাদের দাবি, হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও দেখে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হলেও তাদের বিরুদ্ধে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।