• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :

ভদ্র সাজার দিন শেষ, ইরানকে হুমকি দিয়ে ট্রাম্পের নতুন বার্তা

মাসুম খান / ২১৯ Time View
সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে বলেছেন, ইরান নিজেদের গুছিয়ে নিতে পারছে না। তারা জানে না কীভাবে একটি নন-নিউক্লিয়ার চুক্তি করতে হয়। তাদের দ্রুত বুদ্ধিমান হতে হবে। বুধবার (২৯ এপ্রিল) তিনি এ পোস্ট দেন। খবর সিএনবিসি নিউজের।

এই পোস্টের সঙ্গে একটি এআই-নির্মিত ছবি যুক্ত ছিল, যেখানে ট্রাম্পকে বন্দুক হাতে বিস্ফোরণের পটভূমিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির ওপর লেখা ছিল, ‘নো মোর মি. নাইস গাই!’ (ভদ্র সাজার দিন শেষ!)।

এই হুমকিমূলক বার্তা এমন সময়ে এলো, যখন গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ রয়েছে এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের পাকিস্তানের ইসলামাবাদে যাওয়ার কথা থাকলেও ট্রাম্প সেই সফর বাতিল করেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সব কার্ড আমাদের হাতে। ইরান যদি আলোচনা করতে চায়, তারা আমাদের কাছে আসতে পারে বা ফোন করতে পারে।

এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে হওয়া আলোচনাও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

অন্যদিকে, তেহরান প্রস্তাব দিয়েছে যদি যুক্তরাষ্ট্র তাদের বন্দর অবরোধ তুলে নেয় এবং চলমান সংঘাতের অবসান ঘটে, তবে তারা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট সোমবার এই তথ্য নিশ্চিত করেন।

তবে এই প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার কথা বলা হয়েছে, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে, হোয়াইট হাউস শিগগিরই একটি পাল্টা প্রস্তাব দেবে।

এদিকে, ট্রাম্পের এই পোস্টের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচারস ২.৮২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২.৭৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে ১১৪.৬২ ডলারে দাঁড়িয়েছে।


More News Of This Category