খুলনার লোহাগড়ায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ জনের পরিবারের সদস্যদের ইফতার, ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিএনপি নেতা ড. ফরিদুজ্জামান ফরহাদের শহরের সিএন্ডবি চৌরাস্তা এলাকায় অবস্থিত নিজ বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় নিহত পরিবার ও পঙ্গু পরিবারের সদস্যদের মধ্যে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিএনপি নেতা ড. ফরিদুজ্জামান ফরহাদ।
আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জন ও চারজন পঙ্গু পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী, ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সাংবাদিক কাজী ইমরান হোসেন।
উল্লেখ্য, ২০১০ সালে ১৮ এপ্রিল খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লোহাগড়ার কাশীপুর ইউনিয়নের ১০ জন নিহত ও চারজন পঙ্গু হয়েছিলেন।