• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :

কেরানীগঞ্জে সিএনজি থেকে ২০ তাজা ককটেল উদ্ধার, গ্রেপ্তার ২

মাসুম খান / ৮ Time View
সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আকাশ হোসেন (২১) ও মো. নাজিম আহমেদ (১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের বামনশুর এলাকার প্যাসিফিক কিন্ডারগার্টেন স্কুলের সামনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব ককটেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজনের বাড়ি কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে। পুলিশ জানিয়েছে, তারা কালিন্দী ইউনিয়নের চড়াইল এলাকা থেকে ককটেলগুলো বহন করে সিরাজনগরের দিকে যাচ্ছিলেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বামনশুর এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় এসআই আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল সিএনজি অটোরিকশা থেকে ২০টি তাজা ককটেল উদ্ধার করে এবং দুই যুবককে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী সময়ে পুলিশের ডিসপোজাল ইউনিট একটি নির্জন এলাকায় নিয়ে ধ্বংস করে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আকাশ ও নাজিম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তারা একই গ্রামের বাসিন্দা কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার সহযোগী হিসেবে পরিচিত। বুধবার ঢাকার একটি ফ্ল্যাট থেকে মাসুদ রানাকেও পুলিশ গ্রেপ্তার করেছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

তবে গ্রেপ্তার দুই যুবকের কোনো সাংগঠনিক পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি রুহুল কুদ্দুস। ফলে তাদের রাজনৈতিক পরিচয় ও মাসুদ রানার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্থানীয় সূত্রের দাবি হিসেবেই জানা গেছে।

পুলিশের ধারণা, ককটেলগুলো নাশকতার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। তবে এর প্রকৃত উৎস, কারা সরবরাহ করেছে এবং এর পেছনে আরও কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


More News Of This Category