জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য আখতার হোসেন। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কাউনিয়া উপজেলা এনসিপি কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
এর আগে সকালে রংপুরের কাউনিয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যাওয়া গেজেটভুক্ত জুলাই যোদ্ধা বিপ্লব হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।সেখানে প্রথমে তিনি বিপ্লবের কবর জিয়ারত করেন। পরে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। এ সময় পরিবারের তাৎক্ষণিক সহায়তা হিসেবে সরকারি অনুদানের ৫০ হাজার টাকার চেক তুলে দেন তিনি। পাশাপাশি পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন।
আখতার হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আহত যোদ্ধাদের মৃত্যুর পর তাদের পরিবারের ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা অব্যাহত রাখার বিষয়েও সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে এ বিষয়ে বিধিমালা সংশোধনের কথাও বলেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা উপজেলা এনসিপি কার্যালয়ে আগুন দেয়। এতে কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় দলটির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
কার্যালয় পরিদর্শনকালে আখতার হোসেন অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাতের আঁধারে পেট্রল ঢেলে দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে।
এ ধরনের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতিহত করা হবে। এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশগ্রহণ করবে। দলীয়ভাবে নির্বাচনের প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।