• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

ঢাকার নাগরিক সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করা হবে : প্রতিমন্ত্রী ইশরাক

মাসুম খান / ২৬৯ Time View
সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকার নাগরিক সমস্যা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৈঠকে ডেঙ্গু মোকাবিলা, মশক নিধন কর্মসূচি জোরদার, রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণ ও জলাবদ্ধতাসহ নগর সমস্যাগুলো নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর নগরভবনে সাংবাদিকদের কে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, আসন্ন ডেঙ্গু মৌসুমের আগে মশক নিধন কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নগরের বিভিন্ন স্থানে রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতাসহ অন্যান্য সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার কথা তুলে ধরেন তিনি।

ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত সংসদ সদস্য ও প্রশাসকদের নাগরিক সেবা দ্রুত সচল করার নির্দেশ দিয়েছেন। দীর্ঘ সময় কার্যকর সরকার অনুপস্থিত থাকায় সেবা কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। নাগরিকদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

সামাজিকমাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তা তার ব্যক্তিগত অভিপ্রায় উল্লেখ করে তিনি বলেন, দল মনোনয়ন দিলে এবং দলীয় সিদ্ধান্ত হলে তবেই তিনি নির্বাচনে অংশ নেবেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, সংসদ সদস্যরা মন্ত্রীর দায়িত্ব পালন করলেও এখনই কোনো নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে বলে তিনি মনে করেন না। স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত সংসদে হবে এবং দলীয় মনোনয়নও দলই নির্ধারণ করবে।

সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দলের অস্বাভাবিক ভোটপ্রাপ্তির অভিযোগও তোলেন ইশরাক হোসেন। তিনি বলেন, তার আসনে অতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বোচ্চ তিন হাজার ভোট পেয়েছিল, কিন্তু এবার তাদের প্রাপ্ত ভোট কল্পনার বাইরে।

এ বিষয়ে ভোটার তালিকা যাচাইয়ের দাবি জানিয়ে তিনি বলেন, ভোটার তালিকায় কোনো অনিয়ম বা ডুপ্লিকেশন রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটার তালিকা সংশোধনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন ইশরাক হোসেন।


More News Of This Category